রবিবার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এই ঐকমত্যের বিষয়টি জানান কমিশনের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ।
তিনি বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম, কিন্তু সেটা বলা হয়নি। সেটা হলো প্রধানমন্ত্রী ১০ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।
এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, এ বিষয়ে আমরা কি একমত হয়েছি?
উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, আমরা একবার বলেছি তো বলেছি, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না। এটি আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল। তবে আমরা আগেই বলেছিলাম, যদি সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি কাঠামো না থাকে, তাহলে এ বিষয়ে আমরা নতুন করে ভাবব। তবে আমরা আশা করি, এই শর্তটি বিবেচনায় নেওয়া হবে। সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়, যা পরে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
আলী রীয়াজ বলেন, পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত হয়েছি। তবে গঠন প্রক্রিয়া ও আইনগত কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ কমিশন পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করবে।
কমিশনের প্রস্তাবনায় বলা হয়, এই পুলিশ কমিশনের দায়িত্ব হবে পুলিশের আইনসম্মত দায়িত্ব পালনে নজরদারি, শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক ও পুলিশ সদস্য—দুই পক্ষের অভিযোগ নিষ্পত্তি করা। একই সঙ্গে পুলিশ বাহিনী যেন কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করে, সেটিও নিশ্চিত করা হবে।